প্রকাশিত:
১২ মে ২০২৬, ১১:৫৭
দেশের বীমা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ একচ্যুয়ারিয়াল জনবল তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আন্তর্জাতিক পর্যায়ের একচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের বৃত্তি প্রদান এবং একটি প্রাথমিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করেছে সংস্থাটি।
আইডিআরএ প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বলা হয়েছে, দেশের বীমা খাতের আধুনিকায়ন ও গাণিতিক ঝুঁকি ব্যবস্থাপনায় একচ্যুয়ারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে এ পেশায় দক্ষ জনবলের অভাব থাকায় আন্তর্জাতিক সংস্থা যেমন- ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অব একচ্যুয়ারিস এবং সোসাইটি অব একচ্যুয়ারিস-এর পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই আর্থিক সহযোগিতা ও প্রশিক্ষণের পরিকল্পনা নেয়া হয়েছে।
আবেদনের যোগ্যতা:
আইডিআরএ’র বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত ব্যক্তিরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন: বীমা কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী। দেশীয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী। বিশেষ করে গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, একচ্যুয়ারিয়াল সায়েন্স, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়াও একচ্যুয়ারিয়াল পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী যেকোনো যোগ্য ব্যক্তি আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, একচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে সর্বোচ্চ ১৫০ শব্দের একটি বিবৃতি এবং পূর্ববর্তী কোনো পরীক্ষার অভিজ্ঞতা থাকলে তার প্রমাণসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র আগামী ১১ জুন ২০২৬ তারিখের মধ্যে হার্ডকপি আকারে ‘পরিচালক (প্রশাসন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ৩৭/এ (৯ম তলা), দিলকুশা বা/এ, ঢাকা-১০০০’ এই ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি networkadmin@idra.org.bd এই ই-মেইল ঠিকানায় ডিজিটাল কপি জমা দিতে বলা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশে একচ্যুয়ারিয়াল পেশাজীবীদের একটি শক্তিশালী ডাটাবেজ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে দেশের বীমা শিল্পের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এমএসএস
মন্তব্য করুন: