প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৬, ১৩:৪৪
দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান একাডেমি অব লার্নিং লিমিটেড এর বীমা এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। পূর্বের নির্দেশনা প্রদানের ক্ষেত্রে ‘কার্যপদ্ধতিগত ত্রুটি’ পরিলক্ষিত হওয়ায় গতকাল সোমবার (১৬ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয়া হয়।
আইডিআরএ’র প্রশাসন অনুবিভাগের পরিচালক মো. বদিউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে একাডেমি অব লার্নিং লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১ আগস্ট আইডিআরএ’র এক নির্দেশনার মাধ্যমে প্রতিষ্ঠানটির বীমা এজেন্টদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে ওই নির্দেশনা প্রদানের প্রক্রিয়াটি পুনঃপর্যালোচনা করে কর্তৃপক্ষ। এতে কার্যপদ্ধতিগত ত্রুটি ধরা পড়ায় পূর্বের ওই আদেশটি প্রত্যাহার করা হলো।
তবে আদেশে একটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এতে বলা হয়েছে, বর্তমান এই প্রত্যাহারের ফলে প্রতিষ্ঠানটির বিষয়ে ভবিষ্যতে নতুন কোনো আইনগত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ বা বারিত হবে না।
এর আগে ২০২৩ সালের ২৩ মার্চ একাডেমি অব লার্নিং লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের ৩১ জুলাই এক শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানির পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১ আগস্ট আইডিআরএ’র এক চিঠিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও প্রশিক্ষণ বাস্তবায়ন নিয়ে পুনঃতদন্তের সিদ্ধান্ত জানানো হয়েছিল। একইসাথে পুনঃতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বীমা এজেন্টদের প্রশিক্ষণ প্রদান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল।
নতুন এই আদেশের ফলে দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পথে থাকা প্রশাসনিক বাধা আপাতত কাটল।
এমএসএস