প্রকাশিত:
১ নভেম্বর ২০২৬, ১৩:১৪
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্লেইমস বিভাগের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)'র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে প্রতিষ্ঠানটির ক্লেইমস বিভাগের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
গত ৩১ অক্টোবর রাজধানীর গুলশান-১ নিকেতনে অবস্থিত 'ন্যাসেন্ট গার্ডেনিয়া রেসিডেন্সে 'সময় ব্যবস্থাপনা, কাজের গতিশীলতা ও কার্যকর মধ্যস্থতা দক্ষতা’ (Time Management, Workflow Efficiency & Negotiation Skills) শীর্ষক এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব, ইন্স্যুরেন্স ইনোভেটর ও গ্রোথ স্ট্র্যাটেজিস্ট এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক, এফএলএমআই।
‘আরও বুদ্ধিমত্তার সাথে কাজ করা, সর্বোত্তম ফলাফল প্রদান এবং আত্মবিশ্বাসের সাথে মধ্যস্থতা’ (Working Smarter, Delivering Better and Negotiating with Confidence) -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় কর্মক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার, কাজের অগ্রাধিকার নির্ধারণ, কর্মপ্রবাহের গতি বৃদ্ধি, পেশাদার নেগোসিয়েশন, সমস্যা সমাধান এবং কার্যকর যোগাযোগের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। বিশেষ করে ক্লেইমস বিভাগের কার্যক্রমের জটিলতা ও বিলম্বের কারণ দূর করে দ্রুত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এ সেশনে কর্মক্ষেত্রের বাস্তব উদাহরণ, দলগত আলোচনা, সমস্যা বিশ্লেষণ এবং রোল প্লে-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের কার্যকর কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বিআইপিডি কর্তৃপক্ষ জানায়, এ ধরনের নিয়মিত পেশাগত প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি বীমা প্রতিষ্ঠানের সামগ্রিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এমএসএস