insurancejobsbd@gmail.com বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

সিএফও নিয়োগে পেশাগত সনদ বাধ্যতামূলক করল আইডিআরএ


প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৪

বীমা খাতে আর্থিক সুশাসন নিশ্চিত করতে যোগ্য ও পেশাদার ‘প্রধান আর্থিক কর্মকর্তা’ বা চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) নিয়োগ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সংস্থাটির আইন অনুবিভাগ থেকে ২৮ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক সার্কুলারে (জিএডি সার্কুলার নম্বর- ২১/২০২৬) জানানো হয়, বীমা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সুশাসন নিশ্চিত করতে যোগ্য ও পেশাদার সিএফও অপরিহার্য হলেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না, যা সামগ্রিক খাতের উন্নয়নের অন্তরায়। এ অবস্থায় বীমা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, সিএফও পদে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আবশ্যিকভাবে নির্দিষ্ট পেশাগত সনদধারী হতে হবে। যোগ্যতার মাপকাঠি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ICAEW, যুক্তরাজ্যের এসিসিএ অথবা বাংলাদেশের আইসিএমএবি'র ফেলো বা অ্যাসোসিয়েট সদস্যপদ থাকতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্র বা কানাডার সিপিএ (সিপিএ), যুক্তরাষ্ট্রের সিএফএ (সিএফএ) সনদপ্রাপ্ত অথবা আইসিএবি ও আইসিএমএবি কর্তৃক স্বীকৃত বিদেশের যেকোনো সমমানের হিসাববিজ্ঞান পেশাগত ডিগ্রিধারীরাও এ পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

নির্দেশনায় নিয়োগ ও অনুমোদনের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন কোনো সিএফও নিয়োগের আগে প্রার্থীর বিস্তারিত তথ্য ও অভিজ্ঞতা কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে পূর্বানুমোদন নিতে হবে এবং অনুমোদন পাওয়ার পরই নিয়োগ কার্যকর করা যাবে। অপরদিকে, বর্তমানে দায়িত্ব পালনরত সিএফওদের যদি প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা থাকে, তবে তাঁদের বিস্তারিত তথ্যসহ আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আইডিআরএ’র অনুমোদনের জন্য আবেদন করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠানে বর্তমান সিএফও’র নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত সনদ নেই, তাদের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে যোগ্য পেশাদার ব্যক্তিকে যথাযথ নিয়ম মেনে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের উপপরিচালক (প্রশাসন) মো: বদিউজ্জামান স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়ে সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশনসহ দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এমএসএস

সম্পর্কিত খবর