প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৬, ১৫:৪১
গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে জীবনবীমা সেবা সহজলভ্য করতে বন্দরনগরী চট্টগ্রামে নতুন রিজিওনাল অফিস চালু করেছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। নতুন এই অফিস চালুর মাধ্যমে চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলের গ্রাহকরা জীবনবীমা সংক্রান্ত সকল পরামর্শ ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। এসময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের বিশিষ্ট করপোরেট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শান্তা লাইফের সিইও নাফিস এ আহমেদ বলেন, “চট্টগ্রামে নতুন রিজিওনাল অফিস চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চাই। জীবনবীমা কেবল আর্থিক সুরক্ষার মাধ্যম নয়, বরং ব্যক্তি ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনারও একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের জীবনবীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাঁদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান এবং দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার সুযোগ আরও সম্প্রসারিত করতে চাই।”
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় জীবনবীমা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় সচেতন সিদ্ধান্ত নিতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চট্টগ্রামের মুরাদপুর সিডিএ এভিনিউয়ের ৩৬/৭ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘এ কে ট্রেড সেন্টার’ এর ষষ্ঠ তলায় নতুন এই অফিসের কার্যক্রম পরিচালিত হবে।
এমএসএস