insurancejobsbd@gmail.com বুধবার, ১ জুলাই ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

মোহাম্মদ নিজাম উদ্দিন ন্যাশনাল লাইফের নতুন কোম্পানি সেক্রেটারি


প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ১৬:১৯

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নতুন কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন, এসিএস। গত ২৮ জুন, ২০২৬ তারিখ থেকে তার এই নতুন দায়িত্ব কার্যকর হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ডিএসই’তে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের (ট্রেডিং কোড: NATLIFEINS) নিউজ আপডেটে এই সংবাদটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে কোম্পানির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মোহাম্মদ নিজাম উদ্দিন, এসিএস’কে কোম্পানির সেক্রেটারির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি একই প্রতিষ্ঠানে শেয়ার ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং সিইও সেক্রেটারিয়েট ও কমপ্লায়েন্স বিভাগের সাথে যুক্ত ছিলেন।

পেশাগত ও শিক্ষাগত জীবনে মোহাম্মদ নিজাম উদ্দিন বেশ উজ্জ্বল। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কর্পোরেট পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে অ্যাসোসিয়েট চার্টার্ড সেক্রেটারি (এসিএস) যোগ্যতা অর্জন করেন। এর আগে ২০২৫ সালে তিনি প্রতিষ্ঠানটি থেকে চার্টার্ড সেক্রেটারি বা সিএস ডিগ্রি সম্পন্ন করেন।

এছাড়া, মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে তিনি ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট অব বাংলাদেশ থেকে মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর একটি স্নাতকোত্তর ডিপ্লোমাও সম্পন্ন করেছেন।

মোহাম্মদ নিজাম উদ্দিন ফেনী জেলার সোনাগাজী উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

এমএসএস

সম্পর্কিত খবর