insurancejobsbd@gmail.com সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

টানা তৃতীয়বারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ বাংলাদেশ


প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৯:৪৪

আবারও ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলো প্রতিষ্ঠানটি।

‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের পেশাগত বিকাশের সুযোগ সৃষ্টি এবং তাঁদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপরিচিত। দেশের একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসেবে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জনকারী মেটলাইফ বাংলাদেশ। কর্মীদের জন্য নির্ভরযোগ্য, বৈচিত্র্যময় এবং দক্ষতা বিকাশে সহায়ক কর্মপরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রতিফলন এ অর্জন।  

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, আমাদের লক্ষ্য এমন একটি কর্মপরিবেশ তৈরি করা যেখানে কর্মীরা সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করেন। গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের বিকাশে সহায়ক যে কর্মসংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। ভবিষ্যতেও কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ এবং দেশের কর্মক্ষেত্রে উৎকর্ষতার নতুন মানদণ্ড স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মেটলাইফের সার্বিক কর্মপরিবেশ, নেতৃত্ব, কর্মজীবনে উন্নয়ন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়। এই স্বীকৃতির মূলে রয়েছে মেটলাইফ বাংলাদেশের এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টা, যেখানে কর্মীরা পেশাগত ও ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই উন্নতি করতে পারেন।  

প্রতিষ্ঠানটি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক কর্মসংস্কৃতি তৈরিতে সচেষ্ট, যা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিকে মূল্য দেয় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ, সুস্থতা-বিষয়ক উদ্যোগ এবং স্বচ্ছ যোগাযোগের মাধ্যমে কর্মীদের সমর্থন করে। আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উদ্দেশ্যনির্ভর কর্মপরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের আরও দক্ষ করে তুলছে, যাতে তারা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারেন।  

বিগত ৭৪ বছর ধরে দেশের জীবন বীমা খাতে বিশ্বস্ততা ধরে রেখেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের প্রায় ৪০০ কর্মী এবং ১৫ হাজার বীমা প্রতিনিধির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক ও ৯০০ করপোরেট গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।

এমএসএস

সম্পর্কিত খবর