insurancejobsbd@gmail.com শুক্রবার, ১৯ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

আইডিআরএ'র নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের দায়িত্ব গ্রহণ: ঝুঁকি-ভিত্তিক তদারকি ও সুশাসনে জোর


প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:৩৪

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুন) আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভার মধ্য দিয়ে তিনি এই দায়িত্বভার বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের পরই তিনি দেশের বীমা খাতের আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রচলিত ব্যবস্থার পরিবর্তে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে মীর নাদিয়া নিভিন বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। এজন্য প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ধীরে ধীরে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন। এর মাধ্যমে বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষার বিষয়গুলো আরও কার্যকরভাবে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খাতের উন্নয়নের জন্য অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নতুন চেয়ারম্যান বলেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত ভিশন অপরিহার্য। সেই ভিশন বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দ্রুত ও কার্যকরভাবে বীমা দাবি নিষ্পত্তি। প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা। খাতের সার্বিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা। আধুনিক নিয়ন্ত্রণ ও তদারকি কাঠামো গড়ে তোলা।

তিনি জানান, এই লক্ষ্যগুলো অর্জনে আইডিআরএ আন্তর্জাতিক মানদণ্ডসম্মত এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নে কাজ করে যাবে।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। এছাড়াও এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, আইডিআরএর সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক।

এমএসএস

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর