প্রকাশিত:
১৬ জুন ২০২৬, ১৬:১৮
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার (১৬ জুন) নাদিয়া নিভিনের নিয়োগ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রাণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
গত ২ মার্চ তারিখে আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেন। এরপর থেকে আইডিআরএ’র চেয়ারম্যান কে হচ্ছেন এই নিয়ে নানা গুঞ্জণ ছিল বীমা খাতে। এরপর আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ আইন সংশোধন করে গত ৫ মে তারিখে গেজেট প্রকাশ করা হয়। এই আইন সংশোধনের মাধ্যমে বয়সসীমা তুলে দেয়া হয়। কিন্তু অভিজ্ঞতার শর্ত থাকে আগের মতোই।
মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুশাসন ও উন্নয়ন বিশেষজ্ঞ। তার রয়েছে ২০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা, যার মধ্যে ১৭ বছর তিনি জাতিসংঘের বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন। আফগানিস্তান, মিয়ানমার, মালয়েশিয়া, বাংলাদেশ, জার্মানি এবং নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সদর দপ্তরে তিনি সরকার ও বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ।
তিনি মাইক্রো-ইন্স্যুরেন্স, করপোরেট সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, আর্থিক ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতার অধিকারী। বিভিন্ন দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য উদ্ভাবনী মাইক্রো-ইন্স্যুরেন্স ঝুঁকি ভাগাভাগির উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ঝুঁকি হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মীর নাদিয়া নিভিন বৃহৎ আর্থিক তহবিল ও বহুপক্ষীয় প্রকল্প পরিচালনায়ও সফল নেতৃত্ব দিয়েছেন। তিনি ২০২৪-২০২৫ সালে বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন।
এমএসএস
মন্তব্য করুন: